বরাক তরঙ্গ, ২ জুলাই : বৃহস্পতিবার ১৭তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবি প্রয়াত জননেতা বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীরা। এদিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে নিজের প্রয়াত পিতৃদেবের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায় । সঙ্গে উপস্থিত ছিলেন উনার প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বাণী রায়, বিজেপির জেলা কার্য্যনির্বাহক সদস্য তীর্থঙ্কর দেবরায়, কৃষক মোর্চার আসাম প্রদেশ কমিটির সহ-সভাপতি মনোজকান্তি দাশ, মিঠুন রায়, কমলেশ দাশ, কৃষ্ণ রায় চৌধুরী সহ অন্যান্যরা।
এদিকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সামাজিক মাধ্যম ফেসবুকে অগণিত নেতা কর্মীরা তাদের মত প্রকাশ করেছেন। বিজেপির আসাম প্রদেশ কমিটির সভাপতি দিলীপ শইকিয়া লিখেছেন — প্রয়াণ দিবসে ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা শিলচর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত বিমলাংশু রায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি। বরাক উপত্যকায় বিজেপির সাংগঠনিক ভিত্তি মজবুত করার ক্ষেত্রে ‘বিমল দা’-র অবদান চিরস্মরণীয়। অসমের সত্রীয় সংস্কৃতি ও সংগঠনগুলির সংরক্ষণের জন্য অসম বিধানসভায় প্রথম ‘বেসরকারি সদস্য বিল’ (Private Member’s Bill) তিনিই উত্থাপন করেছিলেন।
এদিকে মন্ত্রী কৌশিক রায় লিখেছেন -,একটি মহান আত্মা সর্বদা সকলের সেবা করে। একটি মহান আত্মা কখনই মারা যায় না। এটি আমাদের বারবার একত্রিত করে। শিলচরের প্রাক্তন বিধায়ক ও বিজেপির বিশিষ্ট নেতা প্রয়াত বিমলাংশু রায়ের পুণ্যতিথিতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁকে স্মরণ করছি। সমাজের প্রতি তাঁর অপরিসীম অবদান পরিমাপাতীত। তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর নিজস্ব ফেসবুক পেজে লিখেছেন- অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা শিলচরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি অসমের সম্মানিত বরিষ্ঠ নেতা প্রয়াত বিমলাংশু রায়কে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছি। জনসেবার প্রতি তাঁর অবিচল নিষ্ঠা, নীতিগত নেতৃত্ব এবং জনগণের কল্যাণে তাঁর আজীবন প্রতিশ্রুতি আগামী প্রজন্মের জন্য এক পথপ্রদর্শক আলোকবর্তিকা হয়ে থাকবে। সমাজ ও সংগঠনের প্রতি তাঁর অমূল্য অবদানের কথা চিরকাল কৃতজ্ঞতা ও সম্মানের সাথে স্মরণ করা হবে।



