সাব্রুমের আকাশে রহস্যময় জ্বলন্ত আলোর রেখা, ছড়াল আতঙ্ক ও জল্পনা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাব্রুম শহরের দক্ষিণ আকাশে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ দেখা মিলল এক রহস্যময় জ্বলন্ত আলোর রেখার। কয়েক সেকেন্ড স্থায়ী এই অস্বাভাবিক দৃশ্য ঘিরে মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল এবং নানা জল্পনা।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আকাশ চিরে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া ওই আলোর রেখাটি দেখতে অনেকটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সামরিক রকেট কিংবা মহাকাশযানের অগ্নিশিখার মতো ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আচমকাই দক্ষিণ আকাশে উজ্জ্বল অগ্নিরেখার মতো একটি বস্তু দ্রুত অগ্রসর হতে দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করেন।

ঘটনার খবর মুহূর্তের মধ্যেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে। বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের আশঙ্কা, এটি কোনও সামরিক মহড়া অথবা সীমান্ত সংলগ্ন আকাশে অস্বাভাবিক উড়ান সংক্রান্ত ঘটনা হতে পারে।

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে এই ঘটনাকে ঘিরে মানুষের উদ্বেগ আরও বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস সংঘাত এবং আমেরিকা-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিস্থিতি ইতিমধ্যেই অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক মহড়া এবং মহাকাশ গবেষণা সংক্রান্ত উৎক্ষেপণের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে সীমান্তবর্তী আকাশে এমন রহস্যময় আলোর উপস্থিতি সাধারণ মানুষের মনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসন বা নিরাপত্তা বাহিনীর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সীমান্তরক্ষী বাহিনী কিংবা স্থানীয় প্রশাসনও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *