সাইবার আর্থিক প্রতারণা মামলায় হাইলাকান্দিতে গ্রেফতার ৪

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুলাই : সাইবার আর্থিক প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন গৌরব রায় চৌধুরী (ব্রজরপুর, হাইলাকান্দি), জাহারুল হাসান লস্কর (উজানখুপার দ্বিতীয় খণ্ড, হাইলাকান্দি), আবু জাহিদ লস্কর (নারায়ণপুর দ্বিতীয় খণ্ড, হাইলাকান্দি) এবং মহম্মদুর হাসান চৌধুরী (ভাটিসাংজুরাই, আলগাপুর)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধৃতরা একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। তারা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ লেনদেন ও স্থানান্তরে সহায়তা করত। তদন্তে উঠে এসেছে, চলমান মামলায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৫০ হাজার টাকা অভিযুক্তদের নিয়ন্ত্রিত একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্থ উত্তোলনের সময় চার অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের মাধ্যমে প্রতারণা চক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও হাতে এসেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

হাইলাকান্দি পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে জড়িত আরও সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশের এই অভিযান সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *