সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাবালিকা উদ্ধার, কালাইনে চাঞ্চল্য

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট :
কাটিগড়ার কালাইন কলেজ রোডে এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, পাল পদবীর এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একটি পরিবার প্রায় পাঁচ মাস ধরে বসবাস করে আসছিল। রবিবার বিকেল প্রায় ৫ টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকাকালীন পঞ্চম শ্রেণির ছাত্রী তথা নাবালিকাটি চরম সিদ্ধান্ত নেয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, নাবালিকাটি কালাইনের উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী ছিল। তার মূল বাড়ি গুমড়া নলগ্রামে। তবে পড়াশুনার সুবিধার্থে পরিবারটি কালাইনে ভাড়া বাড়িতে বসবাস করছিল। নাবালিকাটি তিন ভাই-বোনের মধ্যে বড় ছিল। তার বাবা পেশায় যাত্রীবাহী গাড়ির চালক। পরিবারের সদস্যরা জানান, বাড়ির সিলিং ফ্যানে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাবালিকাটিকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তৎক্ষণাৎ তাকে কালাইন সিএইচসি-তে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে কালাইন থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরবর্তীতে ডিএসপি রিমাঙ্ক বরুয়ার নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালায়। তদন্ত অব্যাহত থাকায় পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, নাবালিকাটি কেন এমন চরম সিদ্ধান্ত নিল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের এক সদস্যের দাবি, কোনও ধরনের পারিবারিক জটিলতা ছিল না। তাই পুলিশের তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *