ফ্যান-লাইট থেকে টাইলস, মন্ত্রীদের বাংলো মেরামতিতেই এক বছরে ৯২.৩৫ কোটি টাকা খরচ কেন্দ্রের

Spread the news

২৩ আগস্ট : দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলো সংস্কার ও মেরামত করতে এক বছরে ৯২.৩৫ কোটি টাকা খরচ করল কেন্দ্রীয় সরকার। ২০১৪-১৫-য় এই কাজের জন্য খরচ হয়েছিল ২৭.৪৭ কোটি টাকা। ১১ বছরে ব্যয় তিন গুণের বেশি বেড়েছে। আরটিআই মারফত এই তথ্য জানতে পেরেছে সংবাদসংস্থা পিটিআই।

লুটিয়েন্স দিল্লিতে মন্ত্রীদের বাংলো রক্ষণাবেক্ষণ ও দেখভাল করে কেন্দ্রীয় পূর্ত দপ্তর। তাদের দাবি, অধিকাংশ বাড়িই ৮০ থেকে ১০০ বছরের পুরোনো। কোনও বাংলোর দেওয়ালে ড্যাম্প, কোথাও উইপোকার উপদ্রবে কিছু রাখা দায়, আবার কোনও বাংলোতে বৈদ্যুতিক ব্যবস্থা বা জলের পাইপলাইনে সমস্যা। CPWD-এর এক আধিকারিকের দাবি, মূল্যবৃদ্ধির পাশাপাশি বহু পুরোনো বাংলোর রক্ষণাবেক্ষণের খরচ বাড়ায় ব্যয়ও পাল্লা দিয়ে বেড়েছে।

সময়টা ব্রিটিশ আমল। ইংরেজরা নতুন রাজধানী হিসেবে দিল্লিকে সাজিয়ে তুলছে। সেই সময়ে ১৯১২ থেকে ১৯৩০-এর মধ্যে এই বাংলোগুলি তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পরে সেগুলিই মন্ত্রী, সাংসদ, শীর্ষ আমলা, বিচারপতি এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সরকারি বাসভবন হিসেবে দেওয়া হয়। ইতিহাসবিদ ও লেখক স্বপ্না লিডলের মতে, ‘লুটিয়েন্সের নামে এলাকার নামকরণ হলেও অধিকাংশ সরকারি বাংলোর নকশা তাঁর তৈরি নয়। বরং সেগুলি করেছেন ব্রিটিশ প্রশাসনের পাবলিক ওয়ার্কস দপ্তরের ইঞ্জিনিয়াররা।’

আরটিআই-এর তথ্য বলছে, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মন্ত্রীদের বাংলো মেরামত ও সংস্কারে বছরে গড়ে ২৬.৭৮ কোটি টাকা খরচ হতো। ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে সেই গড় বেড়ে প্রায় ৫০ কোটিতে গিয়ে ঠেকে। ২০২৪-২৫-এ খরচ হয় ৭১.৯৮ কোটি টাকা। আর ২০২৫-২৬-এ সেই অঙ্ক এক লাফে বেড়ে হয়েছে ৯২.৩৫ কোটি টাকা।

কেন্দ্রীয় মন্ত্রীদের সংখ্যার হিসেবে মাথা পিছু খরচ হয়েছে ১.২ কোটি টাকা। অবশ্য সব বাংলোর খরচ সমান নয়। এক কেন্দ্রীয় মন্ত্রীর কর্মী জানিয়েছেন, নিয়মিত ফ্যান ও এলইডি লাইট বদলানো, প্লাম্বিংয়ের কাজ এবং কয়েক বছর অন্তর মেঝের টাইলস বদলাতে সবচেয়ে বেশি খরচ হয়। তবে ৯২.৩৫ কোটি টাকার এই হিসেবের মধ্যে মন্ত্রী নন এমন সাংসদদের সরকারি বাংলোর খরচ ধরা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তরের মেরামত বা রক্ষণাবেক্ষণের খরচও এর বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *