ভারতমালা প্রকল্পকে কেন্দ্র করে কাছাড়ে বৃহৎ উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল শত শত অবৈধ নির্মাণ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।  
বরাক তরঙ্গ, ৫ জুন : ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ সড়কের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে কাছাড় জেলার উধারবন্দ এলাকার আরকাটিপুর ও দয়াপুরে বৃহৎ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে ২০টিরও বেশি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে শত শত অবৈধ ঘরবাড়ি, টিনের চালা এবং অন্যান্য নির্মাণ ভেঙে ফেলা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতমালা প্রকল্পের আওতায় নির্মিতব্য সড়কের জন্য সরকার যে ক্ষতিপূরণ প্রদান করবে, সেই অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে ফসলি জমিতে রাতারাতি অসংখ্য অবৈধ স্থাপনা ও নার্সারি গড়ে তোলে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পরই তৎপর হয়ে ওঠে কাছাড় জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য এলাকায় প্রায় এক হাজার পুলিশ ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি জমি ও কৃষিজমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।

সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই চলছে বলে প্রশাসন জানিয়েছে। এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *