বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জুন : শিলচর শহরের বিভিন্ন সক্রিয় সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এক যৌথ প্রতিনিধিদল শুক্রবার কাছাড় জেলার জেলা কমিশনারের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা কমিশনার (ডিডিসি) রাজীব রায়ের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে। শহরের বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা ও নাগরিক অধিকার সংক্রান্ত দাবি তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
জানা গেছে, গত ১ জুন ‘ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস’ (ইয়াসি)-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় যৌথ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উদ্যোগে অংশগ্রহণ করে কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, সিআরপিসি, প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউনাইটেড ফোরাম ফর বরাক ভ্যালি ডেভেলপমেন্ট, ইয়াসি-সহ একাধিক সংগঠন। স্মারকলিপিতে শিলচর শহরের একাধিক জ্বলন্ত সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে পিডব্লিউডি, এনএইচআইডিএল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়াটার রিসোর্সেস বিভাগ-সহ বিভিন্ন সরকারি সংস্থার উদাসীনতা ও অবহেলার অভিযোগও জানানো হয়।
প্রতিনিধিদলের দাবি, সরকারি বিভাগের দীর্ঘদিনের অবহেলার ফলেই শিলচর শহরের অভ্যন্তরীণ সড়কগুলির বেহাল দশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট থেকে মেহেরপুর হয়ে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কপথের অবস্থা অত্যন্ত শোচনীয়। এছাড়াও অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা, নিয়মিত জলাবদ্ধতা, অসময়ের বন্যা এবং ভাঙাচোরা সড়ক ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে আলোচনায় অংশ নেন কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সাধন পুরকায়স্থ, অ্যাডভোকেট ধ্রুব কুমার সাহা, দীপক সেনগুপ্ত, সুব্রত চন্দ্র নাথ, জয়দীপ ভট্টাচার্য, সিভিল ইঞ্জিনিয়ার অনির্বাণ ভৌমিক, বিমল কান্তি দে, সত্যজিৎ গুপ্ত, প্রণব দত্ত, অঞ্জন কুমার চন্দ এবং সঞ্জীব রায়। তাঁরা শহরের বিভিন্ন সমস্যা ও তার প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্রতিনিধিদল ডিডিসি রাজীব রায়ের কাছে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত সরকারি বিভাগ, সামাজিক সংগঠন ও প্রতিনিধিদলকে নিয়ে একটি যৌথ বৈঠকের আয়োজনের দাবি জানায়, যাতে সমস্যাগুলির স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা যায়। একই সঙ্গে শিলচর শহরের সড়ক নির্মাণ ও সংস্কারকাজ অবিলম্বে শুরু করার দাবিও জানানো হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শিলচরের বিভিন্ন শীর্ষস্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় প্রতিনিধিদল। ডিডিসি রাজীব রায় প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে গুরুত্ব সহকারে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।



