তামিলনাড়ুতে কাটিগড়ার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে সহায়তায় বাড়িতে পৌঁছল দেহ

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : কাছাড় জেলার কাটিগড়ার তৃতীয় খণ্ড গ্রামের এক গৃহবধূর তামিলনাড়ুতে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রমলা বেগম। তামিলনাড়ুর কাড্ডালোর জেলার পানরুটি এলাকার একটি ভাড়াবাড়ির বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী মজিদ আহমদের সঙ্গে তামিলনাড়ুতে বসবাস করতেন রমলা বেগম। ঘটনার দিন তাঁর স্বামী কর্মস্থলে যাওয়ার পর বাড়িতে আসেন মজিদের বড় ভাই সাইদ আহমদ। সেই সময় বাথরুমে রমলা বেগমের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়।

এদিকে, পরিবারের আর্থিক অনটনের কারণে তামিলনাড়ু থেকে মৃতদেহ কাটিগড়ায় ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে কাটিগড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নবকুমার শইকিয়া এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিশেষ উদ্যোগে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এই মানবিক উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃতার পরিবারের সদস্যরা।

তবে রমলা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *