বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : প্রস্তাবিত আপার সিয়াং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় শুক্রবার অরুণাচল প্রদেশের তিনটি জেলায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে সিয়াং, আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলায়। বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষও এই বন্ধকে সমর্থন জানিয়েছেন।
রাজ্যের একাধিক ছাত্র সংগঠনের সহযোগিতায় আদি বানে কেবাং-ইউ (ABKU-U) নামে একটি ছাত্র সংগঠন এই বন্ধের ডাক দেয়। প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনও সরব হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পের ফলে আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব, জমি, জীবিকা এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। এই আশঙ্কা থেকেই দীর্ঘদিন ধরে প্রকল্পটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।
প্রতিবাদ ঘিরে উত্তেজনা, আহত পাঁচ মহিলা।
প্রকল্পের বিরোধিতায় বিভিন্ন এলাকায় প্রতিবাদ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে পাঁচজন মহিলা আন্দোলনকারী আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, সিয়াং জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় শুক্রবার সকাল প্রায় ৭টা থেকে শান্তিপূর্ণভাবে বন্ধ চলছিল। তবে এরই মধ্যে আপার সিয়াং জেলার গেকু ও কমকার এলাকা থেকে প্রায় ১৫০ থেকে ২০০ জন আন্দোলনকারী হঠাৎ সিয়াং জেলার ডাইটে-ডাইমে এলাকায় উপস্থিত হন।

পুলিশের অভিযোগ, ওই আন্দোলনকারীদের হাতে ধারালো অস্ত্র, লাঠি, গুলি-সহ বিভিন্ন সামগ্রী ছিল। তাঁরা জোর করে সিয়াং জেলায় প্রবেশের চেষ্টা করেন বলেও অভিযোগ করেছে পুলিশ।
পুলিশের আরও দাবি, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙচুর করেন এবং কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেন। এমনকি জেলাশাসকের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে একাংশ আন্দোলনকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়েন বলেও অভিযোগ।
এই ঘটনার পর কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে প্রশাসন আইনি পদক্ষেপ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। তবে পুলিশ ও সিআরপিএফের এই পদক্ষেপে উত্তেজনা কমার পরিবর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। যদিও সিয়াং জেলার পুলিশ সুপার কে. শিকম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
একাধিক এলাকায় আন্দোলন অব্যাহত
এদিকে ডাইটে-ডাইমে, ইংকিয়ং, রিগা ও পাসিঘাট-সহ একাধিক এলাকায় এখনও প্রতিবাদ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই অঞ্চলগুলিতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।
১১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত আপার সিয়াং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করেই গোটা অঞ্চলে আন্দোলন তীব্র হয়েছে। তিনটি জেলায় বন্ধ ও বিক্ষোভ অব্যাহত থাকায় পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



