বরাক তরঙ্গ, ৫ জুন : মণিপুরের জিরিবাম জেলায় মাদক পাচারবিরোধী যৌথ অভিযানে প্রায় ৪৭ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সিআরপিএফ এবং আইআরবি-র যৌথ অভিযানে এই সাফল্য আসে। গোপন তথ্যের ভিত্তিতে জেলার মধ্যে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার লেইঙ্গাংপোকপি এলাকা থেকে বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৭ কোটি।
অভিযুক্তের ব্যবহৃত একটি টাটা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
আসাম রাইফেলস, জিরিবাম পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক পাচার রোধে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে আসছে। নিরাপত্তা বাহিনীর মতে, এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাদক পাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।



