১ মে : শ্রমিক দিবস উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে পঞ্জাব বিধানসভায়। ভরা অধিবেশনে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় উপস্থিত হয়েছেন—এমনই গুরুতর অভিযোগ তুলেছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল।
শুক্রবার অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়েই শুরু থেকেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর বিধানসভায় প্রবেশের পর। কংগ্রেসের এক বিধায়ক প্রথম এই অভিযোগ তোলেন, যা পরবর্তীতে সমর্থন করেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া।
প্রতাপ সিং বাজওয়া দাবি করেন, বিষয়টি স্পষ্ট করতে সমস্ত বিধায়কের অ্যালকোহল টেস্ট করা হোক। তাঁর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। একই দাবি তোলে শিরোমণি অকালি দলও।
এদিকে, সম্প্রতি আম আদমি পার্টি ছেড়ে দেওয়া সাংসদ স্বাতী মালিওয়ালও এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন।
যদিও বিরোধীদের দাবির পরেও শেষ পর্যন্ত কোনও অ্যালকোহল পরীক্ষা করা হয়নি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমেই বাড়ছে।



