বরাক তরঙ্গ, ১৬ জুলাই : মিজোরামের কোলাসিব জেলার পাংবালকাউন এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সি মারুয়াতি মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। হাঁটার সময় হঠাৎ রাস্তার পাশের পাহাড় থেকে ভূমিধস নেমে এলে মুহূর্তের মধ্যেই তিনি মাটিচাপা পড়ে যান। স্ত্রীকে বাঁচানোর জন্য তাঁর স্বামী প্রাণপণ চেষ্টা চালান। তবে উদ্ধারকাজ চলাকালীন আবারও পাহাড়ের একাংশ ধসে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় সূত্রের খবর, দ্বিতীয় দফার ধসের পর মারুয়াতিকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার মারুয়াতির শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্বামী এবং পাঁচ সন্তান রেখে গেছেন। পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে স্থানীয় বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করেছেন।



