বরাক তরঙ্গ, ৩ আগস্ট : মিজোরামে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে কাছাড়ের দুই পাচারকারী সহ মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং মাদক পাচারে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার করেছে পুলিশ।
১ আগস্ট স্পেশাল নারকোটিক্স পুলিশ স্টেশন (SNPS)-এর অভিযানে জেমাবক এলাকা থেকে ২৪১.২১ গ্রাম (২০টি প্যাকেট) হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় অসমের কাছাড় জেলার বাসিন্দা হোসেন আহমেদ লস্কর (২৩) এবং নূর আহমেদ লস্কর (৩৪)-কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মহিন্দ্রা বোলেরো পিক-আপ গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত অব্যাহত রয়েছে।

এ দিকে, একই দিনে চাম্ফাই স্পেশাল টাস্ক ফোর্স ও রিক্রুট কনস্টেবলদের যৌথ অভিযানে খাঙ্কাউন চেকগেটে আইজলগামী একটি সুমো গাড়ি থেকে ১১৮ গ্রাম (১০টি প্যাকেট) হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৩ লক্ষ ৬০ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই মিয়ানমারের শানমিয়ো, তাহান এলাকার বাসিন্দা ভানলালমুয়ানা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে চাম্ফাই স্পেশাল টাস্ক ফোর্স চাম্ফাই থেকে আইজলগামী একটি টাটা ট্রাকে অভিযান চালিয়ে ৯.৭৯৬ কেজি (১০টি প্যাকেট) মেথামফেটামিন উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৩ লক্ষ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় মেলবুক এলাকার বাসিন্দা ভানলালরুয়াতসাকা (৩২)-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে।



