বরাক তরঙ্গ, ২১ জুন : রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল। শনিবার গুয়াহাটির আমবাড়ীস্থিত অগপের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে রংপুর মণ্ডলের কংগ্রেসের একাধিক নেতা ও সমর্থক আনুষ্ঠানিকভাবে অগপে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে ছিলেন কংগ্রেসের রংপুর মণ্ডল সভাপতি তথা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের মনোনীত সভানেত্রী জিলিয়া বেগম বড়লস্করের প্রতিনিধি নজরুল হোসেন লস্কর, রাকিব হোসেন লস্কর, আব্দুল কালাম লস্কর, আনাম উদ্দিন বড়ভূইয়া, রংপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি আলতাফ হোসেন লস্কর, জালাল উদ্দিন লস্করসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপের কেন্দ্রীয় সভাপতি ও রাজ্যের মন্ত্রী অতুল বরা, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত, দলীয় উপ-সভাপতি অপূর্ব ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকা এবং কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি মনিতন সিংহ। দলের শীর্ষ নেতৃবৃন্দ নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।
এদিন বক্তব্য রাখতে গিয়ে অতুল বরা বলেন, অগপের আদর্শ, রাজ্যস্বার্থ রক্ষার অঙ্গীকার এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে আস্থা রেখেই নতুন সদস্যরা দলে যোগদান করেছেন। এই যোগদান দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী কেশব মহন্ত ও সুনীল ডেকা নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, আঞ্চলিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচিকে সামনে রেখে অগপ আগামী দিনে আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও তারা মন্তব্য করেন।



