শিলচরে পয়লা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, ছড়িয়ে পড়ল সাংস্কৃতিক উচ্ছ্বাস

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বাংলা নববর্ষকে স্বাগত জানাতে পয়লা বৈশাখ উপলক্ষে শিলচর শহরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন শোভাযাত্রা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা বুধবার সকাল প্রায় সাতটা নাগাদ শুরু হয়। শিলচর শহর আঞ্চলিক কমিটির পরিচালনায় ১৪৩৩ বঙ্গাব্দের সূচনায় আয়োজিত এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উৎসাহভরে অংশগ্রহণ করেন। বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে তারা সমাজে ঐক্য, সম্প্রীতি ও সচেতনতার বার্তা প্রচার করেন।

শোভাযাত্রাটি শিলচর ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি পয়েন্ট, অম্বিকাপট্টি, চার্চ রোড, শিলং পট্টি, পার্ক রোড, ক্লাব রোড ও ক্যাপিটল পয়েন্ট অতিক্রম করে শেষে সদরঘাট বঙ্গভবনে গিয়ে সমাপ্ত হয়। পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণবন্ত রূপ ফুটে ওঠে।

শোভাযাত্রায় বরাক উপত্যকার ১৫ জন ভাষা শহিদকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্যাবলো প্রদর্শিত হয়। পাশাপাশি মনীষীদের বাণী, বিভিন্ন জাতিগোষ্ঠীর সঙ্গীত পরিবেশন এবং অংশগ্রহণকারীদের ঐতিহ্যবাহী পোশাক শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী সংগঠনগুলি একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে নতুন উদ্দীপনার সঞ্চার ঘটে।

শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি দীপক সেনগুপ্ত জানান, এবারের শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল অখণ্ড বাঙালি জাতিসত্তার চেতনা জাগ্রত করা এবং বহুভাষিক সমন্বয়ের বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *