বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার দম্পতি ও তাঁদের তিন সন্তানের দেহ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা পুলিশের

Spread the news

১৭ অক্টোবর: বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ সদস্যের নিথর দেহ। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রবুপুরা থানা এলাকার নাগলা শ্রী পদম গ্রামের একটি বাড়িতে শনিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের তিন সন্তান। একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের পরিচয় ৩৭ বছর বয়সি মহেশ, তাঁর ৩৫ বছর বয়সি স্ত্রী ললিতা এবং তাঁদের তিন সন্তান—১১ বছর বয়সি লাড্ডু, ৭ বছর বয়সি মিষ্টি ও ৩ বছর বয়সি সাক্ষাৎ হিসেবে শনাক্ত করা হয়েছে। শনিবার সকালে ঘটনার খবর পেয়ে রবুপুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পরে সেখানে উপস্থিত হন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক, জরুরি চিকিৎসা পরিষেবার কর্মী এবং খাদ্য সুরক্ষা বিভাগের একটি দল। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ফরেনসিক দল ও পুলিশের বিশেষজ্ঞ শাখাও নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

মহেশের মা ও স্থানীয় প্রতিবেশীদের দাবি, শুক্রবার রাতে পরিবারের পাঁচ সদস্য নুডলস খেয়েছিলেন। এরপর শনিবার সকালে ঘরের ভিতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের অন্য সদস্যরা। তদন্তকারী পুলিশ আধিকারিকদের পর্যবেক্ষণ অনুযায়ী, মৃতদের মুখ থেকে ফেনা বেরিয়ে আসার বিষয়টিও নজরে এসেছে।

প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল সামনে আসার পরই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হল, তা খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *