রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : বাড়িতে অনুষ্ঠান চলাকালীন দলবল নিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলচরের শহরতলির বুধরাইলের গোয়ালাপাড়া এলাকায়। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা রঞ্জিত গোয়ালার বাড়িতে অনুষ্ঠান চলাকালীন আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রঞ্জিত গোয়ালার অভিযোগ, এলাকার এক যুবক কয়েকজন সঙ্গীকে নিয়ে মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে হামলা চালায়। অভিযোগ, হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে এবং তাঁর ভাইকে মারধর করে। আচমকা এই ঘটনায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রঞ্জিতের দাবি, হামলায় তাঁর বাড়ির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ঘটনার প্রতিবাদে সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে।

এদিকে, শুক্রবার রাতের ঘটনার পর পাপ্পু গোয়ালা-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন রঞ্জিত গোয়ালা। হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার। তবে অভিযোগের বিষয়ে পাপ্পু গোয়ালা বা অন্য অভিযুক্তদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।



