শিলচরে নতুন দিগন্ত প্রকাশনীর তিন গ্রন্থের প্রকাশনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে শুক্রবার সন্ধ্যায় নতুন দিগন্ত প্রকাশনীর উদ্যোগে তিনটি নতুন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকাশিত গ্রন্থগুলি হল প্রকাশনীর সম্পাদক তথা লেখিকা-কবি মিতা দাস পুরকায়স্থের ‘দেশকাল দিগন্ত’, লেখক ও বাচিকশিল্পী অমিত সিকিদারের ‘শিলচর: সেই সময়’ এবং কবি-লেখক আশুতোষ দাসের ‘সৃষ্টি বাউলের আত্মকথা’।

অনুষ্ঠানের সূচনা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক ড. বিভাস দেব, অমিত সিকিদার, ভাষাসংগ্রামী সুনীল রায়, প্রাক্তন জনসংযোগ আধিকারিক হারান দে, বিএসএফের ডিআইজি কমল কুমার-সহ বিশিষ্টজনদের পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। পরে কবি, লেখক ও সাংবাদিকদের উত্তরীয়, ফুল ও গাছের চারা দিয়ে সম্মান জানানো হয়। এরপর একে একে তিনটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।

স্বাগত বক্তব্যে মিতা দাস পুরকায়স্থ জানান, ‘বরাকের নতুন দিগন্ত’ সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় ও তথ্যভিত্তিক নিবন্ধের সংকলন হিসেবেই ‘দেশকাল দিগন্ত’ প্রকাশিত হয়েছে। সমকালীন সমাজ, রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা ও জনজীবনের বিভিন্ন বিষয় এতে উঠে এসেছে। তাঁর মতে, বইটি বরাক উপত্যকার সামাজিক ও রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দলিল।

আশুতোষ দাস নতুন দিগন্ত প্রকাশনীর উদ্যোগের প্রশংসা করে বলেন, অতীত সময়ের সঙ্গে নতুন অর্থ ও দিগন্তের সন্ধান দেয়। অন্যদিকে, অমিত সিকিদার তাঁর লেখক হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে জানান, পাড়ার দোকানের সাইনবোর্ড লেখার মধ্য দিয়ে তাঁর লেখালেখির সূচনা হলেও আকাশবাণীতে কাজ করার সময় তিনি লেখার জগতে গভীরভাবে প্রবেশ করেন।

প্রধান অতিথি ড. তপোধীর ভট্টাচার্য বলেন, প্রতিটি বইয়ের জন্মের পেছনে লেখকের দীর্ঘ পথচলা, শ্রম ও ভালোবাসা থাকে। মিতা দাস পুরকায়স্থকে ছোটবেলা থেকে চেনেন এবং তাঁর লেখক হিসেবে বেড়ে ওঠা কাছ থেকে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সরকার ও শ্রেয়া দত্ত। উপস্থিত ছিলেন নীহার রঞ্জন পাল, শতানন্দ ভট্টাচার্য, কস্তুরী হোম চৌধুরী, ফরিদা পারভিন, চন্দ্রকুমার গোয়ালা, মিনারা বেগম চৌধুরী, সুখেন দাস, সঙ্গীতা দত্ত, পরিমল কর্মকার, সঙ্গীতশিল্পী মঙ্গলা নাথ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, কবি মৃদুলা ভট্টাচার্যসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *