বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার হাইলাকান্দি জেলার স্বীকৃতিপ্রাপ্ত ১৮ জন সাংবাদিকের হাতে উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের উৎসবের উপহার হিসেবে বৈদ্যুতিক ইন্ডাকশন কুকার প্রদান করা হয়।

জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে অনুষ্ঠানে পৌরোহিত্য করেন জেলা উন্নয়ন আয়ুক্ত (ডিডিসি) নরসিং বে। তিনি উপস্থিত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্র গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা জনসংযোগ আধিকারিক তথা সহকারী আয়ুক্ত অনুস্রুত দাস কাশ্যপ। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন নিলোৎপল দেব, শঙ্করী চৌধুরী ও বিভূতি মজুমদার। তাঁরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে সাংবাদিকদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জনসংযোগ আধিকারিকের (ডিআইআরপিও) পক্ষে শঙ্কর চৌধুরী।




