দীপাবলির প্রাক্কালে কাছাড়ের সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার

Spread the news

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : দীপাবলি ও কালীপূজার প্রাক্কালে কাছাড় জেলার সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার পাঠানো শুভেচ্ছা উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো। শুক্রবার কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, শিলচরের মেয়র অমরেন্দ্র পাল, জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা, ডেপুটি মেয়র বিজেন্দ্রপ্রসাদ সিং, অতিরিক্ত জেলা কমিশনার জাগৃতি কলোয়ার-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় সাংবাদিকদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করে তাঁদের নিরলস কর্মপ্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাজের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। উৎসবের প্রাক্কালে তাঁর পাঠানো এই উপহার সাংবাদিকদের প্রতি সম্মান ও আন্তরিকতারই প্রতিফলন।

শিলচরের মেয়র অমরেন্দ্র পালও সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে মানুষের কাছে প্রকৃত খবর পৌঁছে দেন। সমাজের প্রতি তাঁদের এই অবদানকে যথাযথ সম্মান জানানো সকলের দায়িত্ব।

এদিকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রেস ক্লাবের সম্পাদক শংকর দে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রী কৌশিক রায়ের সামনে তুলে ধরেন। সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-অধিকর্তা সাজ্জাদুল হক চৌধুরী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাংবাদিক মহলে সম্মান, সৌহার্দ্য ও সম্প্রীতির ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *