লায়লাপুরে পুলিশের অভিযান, গাড়ির গোপন প্রকোষ্ঠ থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেট, আটক দুই

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : অসম-মিজোরাম সীমান্তে মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল ধলাই পুলিশ। লায়লাপুর নাকা চেকিং পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৪০০টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, AS 18 AC 5435 নম্বরের গাড়িটি মিজোরাম থেকে আসার পথে লায়লাপুর নাকা চেকিং পয়েন্টে পুলিশের নজরে আসে। সন্দেহ হওয়ায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির সামনের বাঁ দিকের ফেন্ডারের ভিতরে, চাকার ঠিক ওপরে বিশেষভাবে তৈরি একটি গোপন প্রকোষ্ঠের সন্ধান পান পুলিশকর্মীরা।
সেখান থেকে কালো রঙের দুটি আয়তাকার প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট। গণনা করে মোট ১৯ হাজার ৪০০টি ট্যাবলেট পাওয়া যায় বলে জানা গেছে।

এই ঘটনায় গাড়ির চালক মাতছিন আলি মিরা এবং আবদুল আহাদ লস্কর নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সন্দেহজনক মাদকদ্রব্য, গাড়ি এবং অন্যান্য সামগ্রী নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করেছে পুলিশ। মিজোরাম থেকে আসা বিপুল পরিমাণ এই মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। এর পিছনে কোনও বৃহত্তর আন্তঃরাজ্য মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাচারের সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, অসম-মিজোরাম সীমান্তে মাদক পাচার রুখতে পুলিশের ধারাবাহিক অভিযান সত্ত্বেও পাচারকারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। সাধারণ গাড়ির ভিতরে বিশেষ গোপন প্রকোষ্ঠ তৈরি করে মাদক পরিবহণের এই ঘটনা সীমান্ত এলাকায় মাদক পাচারের চ্যালেঞ্জকে ফের সামনে নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *