কুমারঘাট পুর নির্বাচনে প্রথম মনোনয়ন জমা সিপিআইএমের, পাঁচটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ত্রিপুরায় আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। কুমারঘাট পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেও নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রথম দল হিসেবে পাঁচটি ওয়ার্ডে প্রার্থী দিয়ে মনোনয়নপত্র জমা করল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম।

সোমবার কুমারঘাট পুর পরিষদের ২, ৩, ৬, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থীরা দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক শুভম মিনার হাতে নিজেদের মনোনয়নপত্র জমা দেন তাঁরা। মনোনয়ন জমাকে কেন্দ্র করে মহকুমা শাসকের কার্যালয় ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং অফিসার শুভম মীনা জানান, গত ৩১ অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২ নভেম্বর প্রথমবারের মতো সিপিআইএমের পক্ষ থেকে পাঁচটি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন জমার প্রক্রিয়া। ৭ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ী হলে পুর এলাকার উন্নয়নে দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন সিপিআইএম নেতৃত্ব। স্থানীয় সিপিআইএম নেতা সুশীতল দেবনাথ জানান, কুমারঘাট পুর পরিষদের মোট ১৫টি আসনের মধ্যে আপাতত পাঁচটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বাকি আসনগুলিতেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। নির্বাচনে জয়ী হলে পুর এলাকার বিভিন্ন ধরনের কর হ্রাস এবং শহরের সামগ্রিক উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে, মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ও সংলগ্ন রাস্তায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিকেল তিনটে পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের মনোনয়ন জমার প্রক্রিয়া সম্পন্ন হয়।

রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি। এই পরিস্থিতিতে আসন্ন পুর নির্বাচনে বিরোধী দলগুলির অংশগ্রহণ, প্রার্থী তালিকা এবং নির্বাচনী প্রচার কোন পর্যায়ে পৌঁছায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কুমারঘাট পুর পরিষদের ১৫টি ওয়ার্ডে নির্বাচনী লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তার উত্তর মিলবে ভোটের ফলাফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *