বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : হোটেল বিলাস ইনের মালিক হেলেনা ভরালী-সহ পাঁচজনকে হত্যার অভিযোগে মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গুয়াহাটির বশিষ্ঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টনবাজার পুলিশের হাতে তুলে দেয় বশিষ্ঠ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সি ঘনকান্ত গগৈয়ের আদি বাড়ি ডিব্রুগড়ের বৈরাগীমঠে। বর্তমানে সে গুয়াহাটির বশিষ্ঠের সাওকুছি এলাকায় ভাড়া বাড়িতে থাকত।

প্রাথমিক তথ্য অনুযায়ী, টাকার লেনদেনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযুক্ত স্বীকার করেছে বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে, হত্যাকাণ্ডে ব্যবহৃত .৩২ বোরের পিস্তলটি ব্যবসায়ী ঘনকান্ত গগৈয়ের নামেই নিবন্ধিত ছিল বলে সূত্রের খবর। পিস্তলটির লাইসেন্স নাগাল্যান্ডের বলে জানা গেছে। ঘটনার পর অস্ত্রটির ম্যাগাজিনে কোনও গুলি ছিল না বলেও খবর। ওই পিস্তল দিয়ে মোট ছয়জনকে গুলি করা হয়েছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার গুয়াহাটির হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনার ঘটনায় একই পরিবারের চারজন-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন হোটেলটির মালিক হেলেনা ভরালী, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিণিকি কাশ্যপ এবং ভাই ভূদেব ভরালী। এছাড়াও নারায়ণ দাসের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় হোটেলের কেয়ারটেকার সত্যেন্দ্র পাঠক আহত হন। বর্তমানে তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচজনের মৃত্যুর এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।



