১৭ অক্টোবর : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের আঁচ এবার পৌঁছে গেল লন্ডনেও। গত ১৬ অক্টোবর লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ইউকে (SFI UK)। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
এর আগে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) প্রক্রিয়া বাতিলের দাবিও উঠেছিল। সেই দাবির ধারাবাহিকতায় লন্ডনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে, বিক্ষোভের পাল্টা কর্মসূচিতে অংশ নেন মোদি-সমর্থকরাও। দুই পক্ষই নিজেদের দাবির সমর্থনে স্লোগান দেয় এবং ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা হাতে নিয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিলেন মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। তাঁরা দুই পক্ষকে আলাদা রাখেন, যাতে বিক্ষোভের জেরে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
ভারতের নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন এবং মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে চলা রাজনৈতিক বিতর্ক যে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে, লন্ডনের এই বিক্ষোভ তারই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র : দ্যা হিন্দু



