পূজার আনন্দের মধ্যেই বিস্ফোরক ও ডিটোনেটর উদ্ধার, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উল্লাসের মধ্যেই বড়সড় সাফল্য পেল তেজপুর পুলিশ। শনিবার নিয়মিত টহলদারির সময় শোণিতপুর জেলার তেজপুরে কলিয়াভোমোরা সেতুর কাছে এক ২৫ বছর বয়সি যুবকের কাছ থেকে ৩৪ প্যাকেট সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী এবং ১৮টি ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে কার্বি আংলং জেলার ডিপসন সিংগনা (২৫) বলে শনাক্ত করা হয়েছে।

তেজপুর সদর থানার পুলিশ আধিকারিক ভাস্কর জ্যোতি বেজবড়ুয়া জানান, নিয়মিত টহলদারির সময় পুলিশের নজরে আসে ওই যুবকের সন্দেহজনক গতিবিধি। এরপর টহলদারি পুলিশের দল তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ব্যাগ থেকে সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী ও ডিটোনেটরগুলি উদ্ধার হয়। এরপর পুলিশ সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান পুলিশ আধিকারিক ভাস্কর জ্যোতি বেজবরুয়া।

জানা গিয়েছে, ধৃত ডিপসন সিংগনা কার্বি আংলং জেলার ডকমকা থানার অন্তর্গত কাটছো এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সারসিং সিংগনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক পুলিশকে জানিয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের আনি গোম্পা থেকে সে ওই সামগ্রীগুলি নিয়ে এসেছিল।

উল্লেখ্য, আটক যুবককে তেজপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উদ্ধার হওয়া সন্দেহজনক বিস্ফোরক সামগ্রী ও ডিটোনেটরগুলি কোথা থেকে আনা হয়েছিল, কার নির্দেশে সেগুলি বহন করা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *