১৭ অক্টোবর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে মাত্র পাঁচ দিনের মধ্যেই দায়িত্বের অবসান ঘটল কেটি জাকারিয়ার। দায়িত্ব পালনে অনভিজ্ঞতা, প্রথম সংবাদ সম্মেলনে দুর্বল পারফরম্যান্স এবং পরবর্তী সময়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারকে ঘিরে বিতর্কের জেরেই তাঁকে পদ ছাড়তে হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা।
ট্রাম্প বলেন, “আমি তাঁকে সততার সঙ্গে বলেছিলাম, আমি যদি তাঁর জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখতাম। এই পদে থাকা মোটেও সহজ কাজ নয়।”
এদিকে, দায়িত্ব ছাড়ার পরও ট্রাম্পের প্রতি নিজের সমর্থন ও শ্রদ্ধার কথা জানিয়েছেন জাকারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগকে সম্মানের বিষয় বলে উল্লেখ করেন।
জাকারিয়া লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প একজন দয়ালু, চমৎকার, সৌজন্যশীল, বিবেচক, উদ্যমী ও কঠোর পরিশ্রমী মানুষ। আরও বেশি আমেরিকান যদি তাঁকে যথাযথভাবে মূল্যায়ন করতেন, তবে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের প্রশংসা করে জাকারিয়া আরও লেখেন, আমেরিকাকে মহান করে তোলার ক্ষেত্রে ট্রাম্প যা করেছেন এবং এখনও করে চলেছেন, তা অন্য কেউ কখনও করতে পারবেন না।
মাত্র পাঁচ দিনের সংক্ষিপ্ত মেয়াদে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁর বিদায় মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে এই ঘটনা ট্রাম্প প্রশাসনের ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে গত সোমবার দায়িত্ব গ্রহণ করেন জাকারিয়া। মঙ্গলবার তিনি প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেন। তবে সংক্ষিপ্ত ওই সংবাদ সম্মেলনে তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে দাবি করা হয়েছে। শুরুতেই নিজেকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন।
নভেম্বরে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে তাঁর এই আকস্মিক বিদায় ট্রাম্প প্রশাসনের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।



