বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর: সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলমুক্ত করার লক্ষ্যে ডবকায় ফের উচ্ছেদ অভিযান চালাল হোজাই জেলা প্রশাসন ও বন বিভাগ। শনিবার যমুনা-মৌডংগা সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ৫২৫ বিঘা জমিতে এই অভিযান চালানো হয়। এর জেরে উচ্ছেদের মুখে পড়া ১৫২টি পরিবারের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও হাহাকার।
প্রশাসন সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চলের জমি অবৈধ দখলমুক্ত করার ধারাবাহিক পদক্ষেপ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের দাবি, পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মচারীদের পাশাপাশি বন বিভাগের কর্মী এবং নিরাপত্তারক্ষীরাও উপস্থিত ছিলেন। তবে অভিযান চলাকালে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে একই সংরক্ষিত বনাঞ্চলে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে প্রায় ৫৩৬৫ বিঘা জমি দখলমুক্ত করার পাশাপাশি ১০৯৮টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এরপরও এলাকায় বসবাসকারী ১৫২টি পরিবার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশের পর শনিবার ওই পরিবারগুলিকে কেন্দ্র করে ফের উচ্ছেদ অভিযান চালানো হয়।
যমুনা-মৌডংগা সংরক্ষিত বনাঞ্চলকে সম্পূর্ণ দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তবে জমি দখলমুক্ত করার প্রশাসনিক তৎপরতার মধ্যেই উচ্ছেদ হওয়া পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। বসতভিটা হারানোর আশঙ্কায় সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।



