শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে অসম সরকারের যুগান্তকারী উদ্যোগ: দীপায়ন চক্রবর্তী

Spread the news

রাধামাধব কলেজে ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ ও ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’ প্রকল্পের চেক বিতরণ

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করা, আর্থিক প্রতিবন্ধকতা দূর করা এবং তাঁদের স্বনির্ভর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে অসম সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ ও ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’ প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাধামাধব কলেজ, শিলচরে। বৃহস্পতিবার রাজ্যস্তরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি প্রকল্পের আওতাভুক্ত যোগ্য শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিপায়ন চক্রবর্তী বলেন, শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে অসম সরকারের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনও শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন থেকে পিছিয়ে আসতে না হয়, সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ ও ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকার রাজ্যের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। স্কুল ও কলেজের পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলা, নতুন স্কুল ভবন নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করাও সরকারের অন্যতম লক্ষ্য।

দীপায়ন চক্রবর্তী বলেন, একটি শিক্ষিত ও দক্ষ যুবসমাজই উন্নত অসম গঠনের প্রধান ভিত্তি। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকারি সুযোগ-সুবিধার যথাযথ সদ্ব্যবহার করে নিজেদের স্বপ্নপূরণের পাশাপাশি সমাজ ও রাজ্যের উন্নয়নে অবদান রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রকল্পের আর্থিক সহায়তা লাভকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই ধরনের উদ্যোগ উচ্চশিক্ষার প্রসার, শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। সামগ্রিকভাবে, রাধামাধব কলেজে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ও যুবসমাজের ক্ষমতায়নে রাজ্য সরকারের অঙ্গীকারকে আরও একবার তুলে ধরে। দীপায়ন আরও বলেন ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ প্রকল্পের মূল লক্ষ্য ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সহায়ক পরিবেশ গড়ে তোলা। অন্যদিকে, ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’ প্রকল্পের মাধ্যমে যোগ্য ছাত্রদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের প্রকল্পের মাধ্যমে শিক্ষার প্রসার, আর্থিক অন্তর্ভুক্তি এবং তরুণ প্রজন্মের ক্ষমতায়নের পথে রাজ্য সরকার আরও এক ধাপ এগিয়ে চলেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, ড. দেবাশিস রায়, ড. অরুণাভ ভট্টাচার্য, ড. সূর্যসেন দেব, ড. সি এইচ মণিকুমার সিংহ, ড. পিয়া দাস, ড. রূপম রায়, ড. রুমা নাথ চৌধুরী, ড. নবনিতা দেবনাথ সহ কলেজের অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা । গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজের মুখ্যমন্ত্রী নিযুত ময়না ও মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্পের নোডাল অফিসার ড. পিয়া দাস। 

উল্লেখ্য, রাধামাধব কলেজে এবছর সর্বমোট ১১৬৭ জন শিক্ষার্থীকে উক্ত প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে যারমধ্যে ৯৮৪ জন শিক্ষার্থী মুখ্যমন্ত্রী নিযুত ময়না ও ১৮৩ জন শিক্ষার্থী মুখ্যমন্ত্রী নিযুত বাবু প্রকল্প লাভ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *