বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, প্রধান অতিথি শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, নিবন্ধক ড. অভিজিৎ নাথ, শৈক্ষিক নিবন্ধক ড. নিলেন্দু ধর, ছাত্রকল্যাণ অধিকর্তা ড. জয়দীপ পাল এবং রিটার্নিং অফিসার ড. সঞ্জীব ভট্টাচার্য।
নবনির্বাচিত ছাত্র সংসদের সভাপতি হয়েছেন পিএইচডি গবেষক অম্বর পাণ্ডে। সহ-সভাপতি রোহন রায় এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস নির্বাচিত হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক (ছাত্র) অভিষেক চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক (ছাত্রী) মুন দাস, ক্রীড়া সম্পাদক বিশ্বজ্যোতি নন্দী, সাংস্কৃতিক সম্পাদক পরীক্ষিত রায় এবং ম্যাগাজিন সম্পাদক সোনিয়া সিংহও শপথ গ্রহণ করেন। ছাত্রকল্যাণ অধিকর্তা ডঃ জয়দীপ পাল তাঁদের শপথবাক্য পাঠ করান।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ রায় শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের প্রসার এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে না জড়িয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেন। উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, আটজন পদাধিকারী প্রায় আট হাজার শিক্ষার্থীর প্রতিনিধি। তাই ঐক্য ও দায়িত্ববোধ বজায় রেখে তাঁদের কাজ করতে হবে। ‘সবার আগে জাতি’ আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।



