পাঁচগ্রামে টিপার ও এলপিজি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত চালক

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : হাইলাকান্দি জেলার পাঁচগ্রামের মোকামকুটি এলাকায় টিপার ও এলপিজি বোঝাই লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় টিপার গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতরভাবে আহত হয়েছেন ট্রিপারের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় টিপারটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। আহত চালকের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *