চলতি বছরের সাংবাদিক পেনশনের প্রক্রিয়া দ্রুত শুরু করা ও আবেদনকারী সাংবাদিকদের পরিচয়পত্র প্রদানের দাবি  বার্তাজীবী সংঘের

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি সাংবাদিক পেনশন ঘোষণা নিশ্চিত করতে শারদীয় দুর্গোৎসবের আগেই বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে পেনশনের আবেদন গ্রহণ ও বাছাই প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। এই দাবিতে বুধবার দিসপুরে জনসংযোগ বিভাগের সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করে সংঘের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে রাজ্যের কর্মরত সাংবাদিকদের জনসংযোগ বিভাগের মাধ্যমে পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। যেসব সাংবাদিকের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে, তাঁদের বিভাগীয় নিয়ম অনুযায়ী দ্রুত পরিচয়পত্র প্রদান এবং বাকি প্রকৃত সাংবাদিকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

জনসংযোগ বিভাগের সঞ্চালককে স্মারকলিপি অসম বার্তাজীবী সংঘের

অন্যদিকে, জার্নালিস্ট মেডিক্যাল ওয়েলফেয়ার স্কিমের অধীনে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেতে সাংবাদিকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সংঘ। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বোর্ডের বৈঠক প্রতি মাসে নিয়মিত আয়োজন এবং আবেদনকারী সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধির দাবি জানানো হয়। পাশাপাশি, রাজ্যের কর্মরত সাংবাদিকদের জন্য প্রস্তাবিত স্বাস্থ্যবিমা প্রকল্প দ্রুত কার্যকর করারও আবেদন জানানো হয়েছে।

অসম বার্তাজীবী সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি জনসংযোগ বিভাগের সঞ্চালক মানবেন্দ্র দেবরায়ের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সংঘের দাবিগুলি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলোচনার পর সঞ্চালক চলতি বছরের সাংবাদিক পেনশনের জন্য দ্রুত বিজ্ঞাপন প্রকাশের ব্যবস্থা করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন। সংঘের দাবিতে সাড়া দিয়ে জার্নালিস্ট মেডিক্যাল ওয়েলফেয়ার বোর্ডের বৈঠক প্রতি মাসে নিয়মিত আয়োজনের নির্দেশও দেন সঞ্চালক। চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য আবেদনকারী সাংবাদিকদের দ্রুত অর্থ মঞ্জুর ও প্রদান করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির বৈঠক আয়োজন করে বিভাগীয় নিয়ম অনুযায়ী আবেদনকারী সাংবাদিকদের পরিচয়পত্র প্রদানেরও আশ্বাস দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধি দলে সংঘের সহ-সভাপতি ভাস্কর শর্মা, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা, সহকারী সাধারণ সম্পাদক সোনাধর ডেকা, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা, কার্যালয় সম্পাদক আদিত্য চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক কিশোরজ্যোতি শর্মা, প্রচার সম্পাদক হেমন্ত বর্মন এবং রাজ্য কার্যনির্বাহী সদস্য প্রদীপকুমার বর্মন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিটি জনসংযোগ বিভাগের সঞ্চালকের মাধ্যমে বিভাগের কমিশনার-সচিবের কাছেও পাঠানো হয়। এদিকে, রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে জনসংযোগ বিভাগের সঞ্চালকের আগ্রহ ও ইতিবাচক মনোভাবের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *