১৩ অক্টোবর: উৎসবের মরশুমে বিহারের হাজিপুরে গঙ্গা নদীতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের হাজিপুর জেলার রামপুর শ্যামচাঁদ গ্রামের কয়েকজন যুবক নৌকায় চেপে পিকনিকে যাচ্ছিলেন। নৌকাটিতে ১৫ থেকে ২০ বছর বয়সি প্রায় ২০ জন যুবক ছিলেন বলে খবর। গঙ্গার মাঝনদীতে আচমকাই নৌকাটি উলটে গেলে ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যান যাত্রীরা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে ডুবুরিও নামানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি পুলিশ বা প্রশাসন। তবে স্থানীয় সূত্রের দাবি, অন্তত ১০ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। বেশ কয়েকজনের খোঁজ না মেলায় তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিখোঁজদের সন্ধানে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন পরিজনেরা। উদ্ধার হওয়া মৃতদেহগুলির পরিচয় শনাক্ত করার কাজও এখনও সম্পূর্ণ হয়নি বলে খবর।



