বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : পুজোর বাজারে শিলচর শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইবাজ চক্র। মঙ্গলবার দেওয়ানজি বাজার সংলগ্ন এলাকায় কৌশলে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ হাতিয়ে নিল দুষ্কৃতীরা। ব্যাগে থাকা ২ লক্ষ ১৯ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, সোনাইয়ের নতুন রামনগর এলাকার ওই ব্যবসায়ী মঙ্গলবার ব্যবসার কাজে কেনাকাটা করতে শিলচরে এসেছিলেন। তাঁর বয়ান অনুযায়ী, দেওয়ানজি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে জানান, তাঁর শার্টের পিছনে কিছু লেগে রয়েছে। পরীক্ষা করে তিনি দেখেন, সত্যিই শার্টের পিছনে ময়লা লেগে আছে।

এরপর শার্টের পিছনে লেগে থাকা ময়লা পরিষ্কার করার জন্য তিনি রাস্তার পাশে দাঁড় করানো একটি বাইকের ওপর টাকার ব্যাগটি রাখেন। এই সুযোগেই মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় ব্যাগটি। ব্যাগে নগদ ২ লক্ষ ১৯ হাজার টাকা ছিল বলে জানা গেছে।
ঘটনার পর ওই ব্যবসায়ী শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পুজোর মরশুমে শহরের ব্যস্ত বাজার এলাকায় এ ধরনের ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।



