শিলচর পুর নিগমের কাউন্সিলরদের অভিনন্দন, প্রত্যাশা পূরণ করাই হোক প্রধান লক্ষ্য

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর, সোমবার,
সুষ্ঠুভাবে সম্পন্ন হল শিলচর পুর নিগমের নির্বাচন। নির্বাচিত হলেন ৪২টি ওয়ার্ডের ৪২ জন প্রতিনিধি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এনডিএ। তাদের ৩৪ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ছয়জন এবং কংগ্রেসের জয়ী প্রার্থী দু’জন। নির্বাচিত সকল প্রতিনিধিকে অভিনন্দন। তবে এই জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে শহরবাসীর বিপুল প্রত্যাশা এবং নাগরিক সমস্যার সমাধানের গুরুদায়িত্ব।

প্রায় ছ’বছর পর শিলচরে পুর নির্বাচন অনুষ্ঠিত হল। পুরসভা থেকে পুরনিগমে উন্নীত হওয়ার পর এটাই প্রথম নির্বাচন। দীর্ঘদিন নির্বাচিত পুরবোর্ড না থাকায় শহরের নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ জমেছে। এই সময়ে শহরের বিভিন্ন সমস্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ফলে নতুন বোর্ড গঠনের মধ্য দিয়ে নাগরিক পরিষেবায় ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা শিলচরবাসীর।

শহরের অন্যতম প্রধান সমস্যা কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা। বর্ষা এলেই বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কোথাও রাস্তাঘাট জলের তলায় চলে যায়, কোথাও আবার বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানেও জল ঢোকে। নিকাশি ব্যবস্থার সংস্কার, খাল পুনরুদ্ধার এবং জল নিষ্কাশনের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি বহুবার দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন এখনও চোখে পড়েনি। তাই নতুন প্রতিনিধিদের কাছে এই সমস্যার স্থায়ী সমাধানই হওয়া উচিত অন্যতম প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা, অপর্যাপ্ত নাগরিক পরিষেবা এবং পুরকর ও বিভিন্ন ফি বৃদ্ধি নিয়েও শহরবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে। এসব সমস্যার সমাধানে প্রয়োজন সুপরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং নিয়মিত নাগরিক পরিষেবার নিশ্চয়তা। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মধ্য দিয়েই মানুষের আস্থা অর্জন করতে হবে।

নির্বাচনে এনডিএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও শহরের উন্নয়নের দায়িত্ব শুধু শাসক পক্ষের নয়। নির্বাচিত নির্দল ও কংগ্রেস প্রতিনিধিদেরও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই হওয়া উচিত সকলের লক্ষ্য।

শিলচরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। নতুন পুরনিগম বোর্ডের কাছে শহরবাসীর প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে নির্বাচিত প্রতিনিধিরা কতটা আন্তরিক ও কার্যকর ভূমিকা পালন করেন, আগামী দিনেই তার প্রমাণ মিলবে। মনে রাখতে হবে, নির্বাচন শেষ হলেও নাগরিকদের প্রতি দায়িত্বের শুরু এখনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *