ডিএসএ : পদলাভের মাপকাঠি রাজনৈতিক আনুগত্য হলে উপেক্ষিত হবে খেলাধুলার প্রকৃত স্বার্থ!

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর, সোমবার,
শিলচর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) শুধু একটি ক্রীড়া সংগঠন নয়, বরাক উপত্যকার ক্রীড়াচর্চা, ঐতিহ্য ও আবেগের এক গুরুত্বপূর্ণ ঠিকানা। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য খেলোয়াড়ের স্বপ্ন, ক্রীড়া সংগঠকদের নিরলস পরিশ্রম এবং কয়েক প্রজন্মের ক্রীড়াপ্রেমী মানুষের স্মৃতি। অথচ সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ সভা (বিজিএম) ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। ক্রীড়ার উন্নয়ন ও খেলোয়াড়দের স্বার্থ যেখানে পরিচালন সমিতির প্রধান বিবেচ্য হওয়ার কথা, সেখানে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার সমীকরণ ক্রমশ প্রাধান্য পাচ্ছে বলে যে অভিযোগ উঠছে, তা কোনওভাবেই উপেক্ষা করা যায় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শিলচর ডিএসএ কি তার নিজস্ব ক্রীড়া-পরিচয় বজায় রাখতে পারবে, নাকি রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার আরেকটি মঞ্চে পরিণত হবে?

আগামী ৬ ডিসেম্বর নতুন পরিচালন সমিতির দায়িত্ব গ্রহণের কথা। গত তিন বছর ধরে নানা বিতর্ক, বিরোধ ও অস্থিরতার কারণে সংস্থার ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ফলে নতুন কমিটি গঠনের আগে ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা ছিল, অতীতের তিক্ততা ভুলে ডিএসএ-কে আবার স্বাভাবিক ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনা হবে। সেই উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে দু’দফা দীর্ঘ বৈঠকের পর বিবদমান বিষয়গুলির নিষ্পত্তির পথ তৈরি হয়েছিল। নির্ধারিত হয়েছিল বিজিএমের দিনক্ষণও। মন্ত্রীর বক্তব্যে আশ্বাস মিলেছিল, ক্রীড়ার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তিরাই সংস্থার পরিচালনায় অগ্রাধিকার পাবেন। কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহ সেই আশ্বাসের বাস্তবায়ন নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।

প্রশ্ন হল, একটি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় কারা অগ্রাধিকার পাওয়ার যোগ্য? যাঁরা মাঠে খেলেছেন, খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখেছেন, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে কাজ করেছেন এবং সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন, তাঁদেরই স্বাভাবিকভাবে নেতৃত্বে থাকার কথা। রাজনৈতিক পরিচয় কারও ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু সেটি কখনও ক্রীড়া প্রশাসনে যোগ্যতার বিকল্প হতে পারে না। ডিএসএ-র মতো প্রতিষ্ঠানে পদলাভের মাপকাঠি যদি রাজনৈতিক আনুগত্য কিংবা ক্ষমতার নৈকট্য হয়ে দাঁড়ায়, তবে খেলাধুলার প্রকৃত স্বার্থ যে উপেক্ষিত হবে, তা বলাই বাহুল্য।

নির্বাচন হোক কিংবা সর্বসম্মত সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি গঠিত হোক, প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতা, গণতান্ত্রিক পদ্ধতি ও গ্রহণযোগ্যতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কোনও গোষ্ঠী বা রাজনৈতিক মহলের স্বার্থরক্ষার পরিবর্তে সামগ্রিক ক্রীড়াঙ্গনের কল্যাণই হতে হবে সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি।

মন্ত্রী কৌশিক রাইয়ের উদ্যোগে অতীতের বিরোধ মিটিয়ে ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনার যে প্রচেষ্টা হয়েছিল, তার সার্থকতা নির্ভর করছে নতুন পরিচালন সমিতির নিরপেক্ষতা ও কর্মদক্ষতার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *