মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : রাজ্য সরকারের উদ্যোগ ‘খেল মহারণ’-এ শ্রীভূমি জেলার দেড় লক্ষাধিক শিক্ষার্থীর নাম নথিভুক্ত করতে তৎপর হয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১৪ অক্টোবরের মধ্যে জেলার সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ জারি করেছেন শ্রীভূমির বিদ্যালয় পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক নীলবজ্যোতি দাস। নির্দেশ পালনে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয়েছে।
জেলা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, UDISE+ কোডযুক্ত জেলার প্রতিটি বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর নাম খেল মহারণের অধীনে নথিভুক্ত করতে হবে। বর্তমানে রেজিস্ট্রেশনের অগ্রগতি সন্তোষজনক নয় বলে উল্লেখ করে জানানো হয়েছে, বিষয়টি প্রধানমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই বিদ্যালয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২, ১৩ ও ১৪ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। প্রতিটি বিদ্যালয়কে মোট শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে নথিভুক্তির হিসাব মিলিয়ে শতভাগ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। অনলাইনে নাম নথিভুক্তির পর তার প্রমাণ হিসেবে স্ক্রিনশট সংরক্ষণ করতে হবে। বিদ্যালয় পরিদর্শনের সময় প্রধান শিক্ষককে সেই স্ক্রিনশট এবং নথিভুক্ত শিক্ষার্থীর সঠিক পরিসংখ্যান দেখাতে হবে।
অনলাইন রেজিস্ট্রেশনে কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে দ্রুত নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বর বিদ্যালয়গুলির বিভিন্ন গ্রুপে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বিভাগের মতে, খেল মহারণ কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণ এবং শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ। খেলাধুলার মাধ্যমে পড়ুয়াদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত সহযোগিতার মনোভাব গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। জেলার প্রতিটি শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক।



