১২ অক্টোবর : ভোট কারচুপির অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA protest) বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সোমবার নিরাপত্তা ও কড়াকড়ি শুরু হয়েছে রাজধানীতে। শীর্ষ আদালতের পথ ধরে এই মহামিছিল ঘিরেই গোটা দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শহরবাসীদের দৈনন্দিন যাত্রা সচল রাখতে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) একাধিক বিধিনিষেধ জারি করেছে। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লির প্রাণকেন্দ্র ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৬টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। এই তালিকার মধ্যে রয়েছে প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাকাম্বা রোড। তবে সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে ট্রেন অদলবদল অর্থাৎ ইন্টারচেঞ্জের ব্যবস্থা সচল রাখা হয়েছে।
ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনার স্বার্থে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল দেশের প্রধান বিচারপতি (সিজেআই) (CJI) সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তবে সূত্রের খবর, প্রধান বিচারপতি সেই আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে জানান, ভোট চুরি সংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে বিচারপ্রক্রিয়ার বাইরে গিয়ে এমন বৈঠক করা সম্ভব নয়।




