মহালয়ায় রূপম সংস্থার মানবিক উদ্যোগ, ৪৪০ মহিলার মধ্যে শাড়ি-বস্ত্র বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মহালয়ার পুণ্যলগ্নে দুর্গোৎসবের আনন্দ দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিতে মানবিক উদ্যোগ গ্রহণ করল বরাক উপত্যকার ঐতিহ্যবাহী রূপম সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। শনিবার সংস্থার নিজস্ব কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৪৪০ জন মহিলার মধ্যে শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজাকে সামনে রেখে এই সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ড. গুলিস্থা আলিজা। তাঁকে সংস্থার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। তাঁর উপস্থিতিতে বস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হয়।

এদিন ড. গুলিস্থা আলিজা বলেন, ধর্মীয় উৎসব সব মানুষের কাছেই সমান তাৎপর্য বহন করে। প্রত্যেকে যাতে নিজের সামর্থ্য অনুযায়ী আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গোৎসব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই রূপম সংস্থার সদস্যরা দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই উদ্যোগ সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও তিনি উল্লেখ করেন।

সংস্থার সভাপতি ড. বিভাস দেব বলেন, প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সকলের আশীর্বাদ ও সহযোগিতায় এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আগামী দিনে এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কার্যকরী সভাপতি রাজকুমার পাল জানান, দীর্ঘদিন ধরে রূপম সংস্থা অসুস্থ ও অসহায় মানুষের সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদানের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

কোষাধ্যক্ষ কল্যাণ পাল বলেন, সমাজসেবার ঐতিহ্য বজায় রেখে মানুষের পাশে দাঁড়ানোই সংস্থার মূল লক্ষ্য। বস্ত্র বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে সংস্থার সহ-সম্পাদক কাজল কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক ইন্দিরা সাহা, প্রচার সচিব ভাস্কর দাস, বিশেষ সদস্য সুধাংশু দাস-সহ পঙ্কজ কান্তি দেব, পরিতোষ চক্রবর্তী, নির্মল দাস, দেবাশীষ দাস, অনুপম কুমার দে, সুরজিৎ নাথ, সুমিতা ঘোষ দেব, রাজু চৌধুরী, শংকরী বিশ্বাস, শিল্পী পাল চৌধুরী, আলপনা দাস, সঙ্গীতা দেব, সত্যজিৎ দে, প্রদীপ দত্ত রায়, কিশোর দেব, শর্মিষ্ঠা দেব, ভারতী কর, পার্থ সারথি দাস, দেবব্রত পাল-সহ সংস্থার অন্যান্য সদস্য ও কর্মকর্তারা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *