১৪ অক্টোবর : ফ্লাইদুবাইয়ের ঘটনার স্মৃতি উসকে মাঝআকাশে থাকা ফ্লাইট থেকে এল ‘হাইজ্যাক’-এর বার্তা। সংবাদসংস্থা সূত্রে খবর, ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থেকে ‘স্কোয়াক-৭৫০০’ সঙ্কেত পায় ATC। ফ্লাইট ছিনতাইয়ের সতর্কবার্তা পেতেই হুলস্থুল পড়ে যায়। এর পরেই তড়িঘড়ি এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-2030 জরুরি ভিত্তিতে জয়পুর এয়ারপোর্টে ইমারজেন্সি ল্যান্ডিং করে। ফ্লাইটে থাকা ৩০৬ জনই সুরক্ষিত আছেন বলে খবর।
জানা গিয়েছে, এ দিন সকালে ৯টার পরে আমেদাবাদ এটিসি কয়েক সেকেন্ডের জন্য একটি ‘স্কোয়াক-৭৫০০’ অ্যালার্ট পায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফ্লাইটটিকে জয়পুরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলে সকাল ৯টা ৪৫ মিনিটে তাকে আইসোলেশন বে-তে পাঠানো হয়। নিরাপত্তা সংক্রান্ত জরুরি পরিস্থিতির প্রোটোকল অনুযায়ী বিমানকে আলাদা রেখে তল্লাশি চালানো হচ্ছে।
ATC সূত্রে খবর, ‘স্কোয়াক-৭৫০০’ সতর্কবার্তা মানেই যে ফ্লাইট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তা নয়। ফ্লাইটে হাইজ্যাকের আশঙ্কা তৈরি হলে আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী দ্রুত নিরাপত্তামূলক পদক্ষেপ করা হয়। এ দিন পাইলটের পাঠানো অ্যালার্টের পিছনে প্রকৃত কারণ কী, তা নিয়ে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।




