মহালয়ার পুণ্যপ্রভাতে বাজারিছড়া-শিবেরগুলে জনজোয়ার, শোভাযাত্রায় দেবীপক্ষের আবাহন

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শিউলির সুবাস, কাশফুলের দোলা আর আগমনী সুরের আবহে মহালয়ার পুণ্যপ্রভাতে উৎসবমুখর হয়ে উঠল বৃহত্তর বাজারিছড়া ও শিবেরগুল এলাকা। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় শুক্রবার ভোরে মহালয়ার শোভাযাত্রায় সামিল হলেন আট থেকে আশি—সব বয়সের মানুষ। শিশু-কিশোর থেকে প্রবীণ, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে পথে নামেন অসংখ্য মানুষ। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার রাস্তাঘাটে তৈরি হয় জনজোয়ারের আবহ।

মহালয়াকে কেন্দ্র করে রাত থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। ভোরের আলো ফোটার আগেই বহু মানুষ শুভযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে পড়েন। শিশিরভেজা প্রকৃতি, মাঠে মাঠে কাশফুল আর শিউলির মিষ্টি সুবাস শারদোৎসবের আগমনী বার্তাকে আরও প্রাণবন্ত করে তোলে। পথে বিভিন্ন দোকানে বেলুন, খেলনা ও নানা সামগ্রী নিয়ে বসেন বিক্রেতারা। শিশুদের উচ্ছ্বাস এবং স্থানীয় হাট-বাজারে কেনাকাটার ব্যস্ততা উৎসবের পরিবেশকে আরও জমজমাট করে তোলে।

এদিকে, মহালয়ার শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য শিবেরগুল সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে জলখাবারের ব্যবস্থা করা হয়। এই উদ্যোগে সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিচয় ফুটে ওঠে।

অন্যদিকে, দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে দুর্গাপূজার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতিমা নির্মাণ ও সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা। সব মিলিয়ে মহালয়ার শুভযাত্রাকে ঘিরে বাজারিছড়া ও শিবেরগুলে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটল। সময়ের সঙ্গে উদযাপনের ধরন বদলালেও মা দুর্গাকে ঘিরে বাঙালির আবেগ, বিশ্বাস ও ভালোবাসা আজও অমলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *