শিলচরে আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে মহালয়া, সদরঘাট ও অন্নপূর্ণা ঘাটে দর্শনার্থীদের ভিড়

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় সারা দেশের সঙ্গে শিলচরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হলো মহালয়া। শনিবার মহালয়ার ভোরে চণ্ডীপাঠ ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। পিতৃপুরুষদের স্মরণে নদীর ঘাটে ঘাটে তর্পণ করেন বহু মানুষ।

বাঙালি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়েই দেবীপক্ষের সূচনা হয় এবং দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তা ছড়িয়ে পড়ে। এই দিনটিকে কেন্দ্র করে শিলচর শহরজুড়ে শুরু হয়েছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন পুজো কমিটির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে মহালয়ার ভোর থেকেই শিলচরের ঐতিহ্যবাহী সদরঘাট ও অন্নপূর্ণা ঘাট সেতু সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বহু মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে মহালয়ার পরিবেশ উপভোগ করেন। ঘাটের আশপাশে বসে বিভিন্ন ধরনের মেলা। সেখানে শিশুদের খেলনা ও কচিকাঁচাদের সাজসজ্জার সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে ঘাট এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

মহালয়াকে কেন্দ্র করে সদরঘাট সেতু ও অন্নপূর্ণা ঘাট সেতু সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হয়।

অন্যদিকে, মহালয়ার সকালে প্রাতঃভ্রমণে বেরোনো মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রাতঃরাশের ব্যবস্থাও করা হয়। এর মধ্য দিয়ে ধর্মীয় আবেগ, সামাজিক সম্প্রীতি ও উৎসবের আনন্দে দিনটি কাটান শিলচরবাসী। মহালয়ার হাত ধরেই এখন শহরজুড়ে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *