ধলাইয়ের রাজঘাটে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর-আইজল জাতীয় সড়কে (NH-306) সাতসকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ রাজঘাটের এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম মিনা বেগম বড়ভূইয়া (৫৫)। তিনি ভাগা এলাকার রাজগোবিন্দপুরের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনা বেগম পায়ে হেঁটে চান্নিঘাটের দিকে যাচ্ছিলেন। ওই সময় স্কুলের সামনে একটি সার্ভিসিং সেন্টারে গাড়ি ধোয়া ও পরিষ্কারের জন্য ঢোকার সময় একটি ডাম্পার তাঁকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লায়লাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, ডাম্পারটির সামনের ও পাশের কাচ কালো ফিল্মে ঢাকা ছিল। এর ফলে চালকের দৃশ্যমানতা কমে গিয়ে পথচারীকে দেখতে অসুবিধা হয়ে থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

জানা গেছে, মিনা বেগমের স্বামী আগেই মারা গিয়েছেন। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বাবার বাড়িতেই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজগোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *