বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ধলাই সমজেলার অধীন শ্যামাচরণপুর জিপির দেড় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করলো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন ‘বরাক গ্রিন মিশন এনজিও’। এদিন সংস্থার তরফে রাজগোবিন্দপুর কমিউনিটি হলে এক সভা আয়োজনের মাধ্যমে স্থানীয় খাসপুর ও রাজগোবিন্দপুর অঞ্চলে বসবাসরত আর্থিক ভাবে দুর্বল এমন পরিবারের মহিলা সদস্যদের হাতে দুর্গোৎসবের আনন্দে সামিল হতে শাড়ি তুলে দেওয়া হয়। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ‘বরাক গ্রিন মিশন’ (এনজিও)-র সভাপতি আক্তার হোসেন লস্কর, সম্পাদক সুদীপ বিশ্বাস, সদস্য মনোজকুমার পাণ্ডে, আব্দুর রব বড়ভূইয়া, রিজু আহমদ লস্কর, প্রীতেন্দু বর্মণ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্তলাল ত্রিবেদী ও রঘুনাথ গোয়ালা, শিক্ষাবিদ সাহারুল হোসেন লস্কর, সাহার আহমদ লস্কর, জালাল আহমদ লস্কর, সালেহ আহমদ বড়ভূইয়া, সমাজসেবী বিজয়শঙ্কর পাণ্ডে, অনিরুদ্ধ গোয়ালা প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী বিবেকানন্দ দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্তলাল ত্রিবেদী বলেন, বরাক গ্রিণ মিশন এনজিও দ্বারা আয়োজিত আজকের এই মানবিক উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য। তিনি বলেন শারদীয়া দুর্গোৎসব কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মিলন, সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য উৎসব। মা দুর্গার আগমনে চারদিকে যখন আনন্দের আবহ তৈরি হয়, তখন আমাদের দায়িত্ব হলো সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা।

শিক্ষাবিদ রঘুনাথ গোয়ালা বলেন, একটি শাড়ি হয়তো আমাদের কাছে সামান্য উপহার, কিন্তু একজন অসহায় মায়ের কাছে এই উপহার উৎসবের আনন্দ, ভালোবাসা ও সম্মান পাওয়ার এক বিশেষ অনুভূতি হয়ে উঠতে পারে। আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় বড় আর্থিক সামর্থ্যের প্রয়োজন হয় না; প্রয়োজন একটি উদার মন, সহানুভূতি এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা। মানুষের মুখে হাঁসি ফোটানোই প্রকৃত সেবা, আর মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। শিক্ষাবিদ সাহারুল হোসেন লস্কর বলেন, আমি এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত বরাক গ্রীণ মিশন এনজিও-র সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তাঁদের এই প্রচেষ্টা আগামী দিনেও সমাজসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদী। তিনি আপামর জনসাধারণকে আগাম শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


