মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : কাটিগড়ার শ্রীপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খেলা দেখতে আসা দর্শকদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে সংঘর্ষের দৃশ্য।
জানা গেছে, শুক্রবার শ্রীপুরে স্থানীয়দের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে শ্রীপুর ফুটবল দল ও কালীনগর ফুটবল দলের মধ্যে ম্যাচ চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়।

রেফারির সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের সঙ্গে তর্কাতর্কি শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন সমর্থকও বিবাদে জড়িয়ে পড়েন। এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিট শুরু হয়। মুহূর্তের মধ্যে খেলার মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা হস্তক্ষেপ করেন। তাঁদের উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়। তবে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।



