নাগাল্যান্ডের মোনে ভূমিধস-পীড়িতদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : নাগাল্যান্ডের মোন শহরের কাউন্সিল হলে ভূমিধস-কবলিত মানুষের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে আজ একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ‘নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ-ইস্ট চ্যাপ্টার’-এর উদ্যোগে এবং ‘ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম ফর আর্টিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস’ (NIFAA), মোন টাউন স্টুডেন্টস ইউনিয়ন ও মোন জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেডিকেল সার্ভিস সেন্টার’-এর একটি চিকিৎসক দল শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করে। দলে ছিলেন ডাঃ শাহরিয়ার আলম, ডাঃ প্রজ্ঞা অনির্বাণ, ডাঃ বিক্রম মণ্ডল এবং দুই ফার্মাসিস্ট।

NIFAA-এর প্রধান সংগঠক বেজাম কইনাক জানান, গত ১৯ জুলাই মোন শহরে ভয়াবহ ভূমিধসে বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘটনায় প্রায় ১১ জনের মৃত্যু হয় এবং এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্তদের একাংশ এই চিকিৎসা শিবির থেকে উপকৃত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে ‘নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ-ইস্ট চ্যাপ্টার’-এর সহযোগিতায় আরও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান। একইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

‘মেডিকেল সার্ভিস সেন্টার’-এর পক্ষ থেকে ডাঃ প্রজ্ঞা অনির্বাণ বলেন, গত ৫০ বছর ধরে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের সময় সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং সাধ্যমতো বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে। চলতি বছর নাগাল্যান্ড ও অসমের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়ও সংগঠনটি এগিয়ে এসেছে। মোনে বিনামূল্যে চিকিৎসা শিবির সফলভাবে আয়োজনের জন্য স্থানীয় আয়োজক ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি।

‘নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ-ইস্ট চ্যাপ্টার’-এর পক্ষ থেকে প্রজ্জ্বল দেব জানান, আগামী দিনগুলোতে নাগাল্যান্ডের ভূমিধস-কবলিত এবং অসমের বন্যা-কবলিত বিভিন্ন এলাকায় আরও বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হবে। আগামী সোমবার নাগাল্যান্ডের টিজিটেও একটি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ভারতের সমস্ত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী দেশ গড়ে তোলাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন। সেই আদর্শকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি উন্নত সাংস্কৃতিক চর্চার প্রসারেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে ‘নেতাজি মেমোরিয়াল কমিটি’-র পক্ষ থেকে অজয় আচার্য, হিল্লোল ভট্টাচার্য, হেমন্ত পেগু, অঞ্জু দলে-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মোন টাউন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি প্যারা ওয়াংনেম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *