বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মর্মান্তিক ঘটনায় স্বামী-স্ত্রীর পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোলাঘাটের কামারবন্দা এলাকায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার কামারবন্দা এলাকায় রেলপথের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হয় প্রাক্তন ওয়ার্ড সদস্য প্রকাশ হাজরিকার। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
এদিকে, স্বামীর মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত হয়ে পড়েন তাঁর স্ত্রী রুণালী হাজরিকা। কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁরও মৃত্যু হয় বলে জানা গেছে।
স্বামী-স্ত্রীর এভাবে পরপর আকস্মিক মৃত্যুর ঘটনায় কামারবন্দা এলাকায় নেমে এসেছে গভীর শোক। একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিজন ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।



