২ অক্টোবর : দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার পর এবার বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের পুনরায় তালিকাভুক্ত করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন (EC’s Special Drive)। বাংলা ও বিহার সহ দেশের মোট কুড়িটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)-এর কাজ শেষ হয়েছে, সেখানে এবার বিশেষ ড্রাইভ বা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে প্রায় তেরো কোটি নাম বাদ পড়ার পর এই নতুন নির্দেশিকা সামনে এল। অবশ্য প্রশাসনের স্পষ্ট বক্তব্য, তালিকা থেকে এই বিপুল পরিমাণ নাম ছাঁটাই হওয়ার অর্থ এই নয় যে তাদের সকলেই বৈধ ভোটার ছিলেন।
নিয়মিত হালনাগাদকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ কার্যকর করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বিহার সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলির জেলা নির্বাচন আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের এই মর্মে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে এসআইআর চলাকালীন বা তারপরেও যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে, কিংবা যেসব তরুণ ও প্রথমবার ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাঁরা সবাই ফর্ম সিক্স জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন জানাতে পারবেন। রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকরা এই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ্ব ও সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশিত হয়েছেন।
এই বিশেষ অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তদারকি চালাবেন বুথ লেভেল অফিসাররা। সংশ্লিষ্ট আধিকারিকরা প্রতি সপ্তাহে অন্তত কুড়ি থেকে পঁচিশজন ভোটারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা নতুন ভোটার, তাঁদের ফর্ম সিক্স (Form 6) পূরণে সাহায্য করবেন। প্রায় এক মাসের মধ্যে এই মাঠপর্যায়ের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভোটারদের বর্তমান স্থিতি কী এবং কাদের জন্য ফর্ম পূরণ করা হয়েছে, তার বিশদ তালিকা তৈরি করবেন বিএলওরা।
এর আগে গোয়ার মতো রাজ্যে তালিকা সংশোধনের পরের পরিস্থিতি নিয়ে নানা জটিলতা ও বিতর্ক তৈরি হয়েছিল। যৌক্তিক অসঙ্গতির কারণে বেশ কিছু ভোটারকে নোটিশ দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নাম চূড়ান্ত তালিকায় তোলার সুযোগ মেলেনি বলে জানা যায়। এই ধরনের ঘটনায় ভোটার তালিকা ব্যবস্থাপনার কেন্দ্রীয়করণ নিয়েও প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠেছিল। তবে সাম্প্রতিক নির্দেশিকার মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তালিকা সংশোধনে কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই মাঠভিত্তিক বিশেষ অভিযান চালানো হচ্ছে।



