প্রবল বৃষ্টিতে টিলা ধসে উধারবন্দ-মধুরা সড়কে যান চলাচল ব্যাহত

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুন : উধারবন্দ কেন্দ্রের চণ্ডীঘাট বাগান এলাকায় প্রবল বৃষ্টিপাতের জেরে বড় ধরনের টিলা ধসের ঘটনা ঘটেছে। ধসের ফলে উধারবন্দ-মধুরা সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও পাথর জমে পড়ে, যার কারণে সড়কটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার রাতভর ভারি বৃষ্টির কারণে পানগ্রাম জিপির নগর এলাকার চণ্ডীঘাট পিডব্লিউডি সড়কে ধস নামে। এর ফলে মধুরা ও পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পানগ্রাম জিপির সভানেত্রী সুপ্রীতি কাংগাতী। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান। বিধায়কের তৎপরতায় অবিলম্বে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়।

প্রশাসনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যেই ধসে পড়া মাটি ও পাথর সরিয়ে সড়কটি পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ফলে এলাকাবাসী স্বস্তি ফিরে পান।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই এই সড়কে ধসের ঘটনা ঘটে। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধানের জন্য এখনও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *