বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই (সি)-র কাছাড় জেলা কমিটি। সদ্য গঠিত শিলচর পুর নিগমের নতুন বোর্ডের উচ্ছেদ অভিযানকে অমানবিক ও অন্যায় বলে অভিহিত করেছে দলটি। এক বিবৃতিতে জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ফুটপাত দিয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা থাকা অবশ্যই জরুরি। তবে সেই উদ্দেশ্যে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদের আগে তাঁদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা পুর কর্তৃপক্ষের মানবিক ও আইনি দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে সেই দায়িত্ব পালন করা হয়নি বলে অভিযোগ দলের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শহরের পথচারীদের চলাচল সুগম করতে প্রথমেই বিভিন্ন স্থানে গড়ে ওঠা পার্কিং স্পট অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত ছিল পুর নিগমের। পাশাপাশি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা এবং শহরের নাগরিকদের মতামত গ্রহণের জন্য একটি মতবিনিময় সভার আয়োজন করা প্রয়োজন ছিল। সকলের পরামর্শের ভিত্তিতে ব্যবসায়ীদের জীবিকা ক্ষতিগ্রস্ত না করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যেত। কিন্তু সেই পথে না হেঁটে উচ্ছেদের মাত্র কয়েকদিন আগে নোটিশ ধরিয়ে যেভাবে তাঁদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে, তা অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেছে দলটি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বরাক উপত্যকায় শ্রমিকনির্ভর শিল্পপ্রতিষ্ঠান কিংবা পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই বললেই চলে। রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন শূন্যপদেও স্থানীয় শিক্ষিত বেকারদের কর্মসংস্থান হচ্ছে না বলে অভিযোগ। ফলে বহু যুবক কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে, যাঁদের পক্ষে ভিনরাজ্যে যাওয়া সম্ভব নয়, তাঁদের অনেকেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কোনওরকমে সংসার চালান। এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই উচ্ছেদের আগে কর্তৃপক্ষের মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত ছিল বলে মনে করে এসইউসিআই (সি)।
শহরের পরিকাঠামোগত সমস্যার প্রসঙ্গ তুলে বিবৃতিতে আরও বলা হয়, হাসপাতাল রোড, অম্বিকাপট্টি ও হাইলাকান্দি রোডসহ শিলচরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত ফুটপাত নেই। আবার বহু এলাকার ফুটপাত চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। ফলে পথচারীদের নিরাপদ চলাচলের বিষয়টিও যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এই পরিস্থিতিতে এসইউসিআই (সি)-র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে, উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, শহরের বিভিন্ন স্থানে তাঁদের জন্য স্বল্প পরিসরে বিকল্প ব্যবসার ব্যবস্থা করা, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী ফুটপাত গড়ে তোলা এবং যানজট নিরসনে শহরের রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ। পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং যেসব এলাকায় ফুটপাত নেই, সেখানে দ্রুত ফুটপাত নির্মাণের দাবিও জানানো হয়েছে।
উচ্ছেদ অভিযানের প্রতিবাদ এবং উল্লিখিত দাবিগুলি আদায়ের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে এসইউসিআই (সি)-র কাছাড় জেলা কমিটি।



