বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেট সংলগ্ন ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম নাগেন্দ্র কুমার। তিনি রাজস্থানের দোসোদ এলাকার বাসিন্দা এবং বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে কর্তব্যরত অবস্থায় এই ঘটনা ঘটে। সূত্রের দাবি, নাগেন্দ্র কুমার তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি চালানোর পর গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়।
তবে কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ও বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার আগে কী ঘটেছিল এবং এর সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



